নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে যাওয়ার সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর একটায় তার গাড়িবহর নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা দিয়ে অতিক্রম করে। এ সময় মহাসড়কের পাশে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান খালেদা জিয়া। সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুরে কয়েক হাজার নেতাকর্মী দলের চেয়ারপার্সনকে স্বাগত জানান।
এর আগে সকাল সাড়ে ১১টা থেকে সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড, শিমরাইল মোড়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক আলী হোসেন প্রধান, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ।
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ব্যানার নিয়ে শোডাউন করেন তার পুত্র মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে নেতাকর্মীরা।
ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর পক্ষে ব্যানার নিয়ে শোডাউন করেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা।
এছাড়া সিদ্ধিরগঞ্জের স্কুল ছাত্র মোরসালীন হত্যা মামলায় পলাতক বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের পক্ষে ব্যানার নিয়ে শোডাউন করেন আব্দুল হাই রাজু, হালিম জুয়েলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেয়।
এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার পক্ষে ব্যনার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, সালাউদ্দিন প্রমুখ।
