সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল আগামী বছরের জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গঠিত পে-কমিশন আগামী ডিসেম্বরে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনটি পর্যালোচনা করে ২০১৫ সালের ১ জুলাই থেকে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। আইএমএফর বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে মন্ত্রী বলেন, আইএমএফের বর্ধিত ঋণ সহায়তা কর্মসূচির আওতায় এরই মধ্যে পাঁচটি কিস্তির টাকা পাওয়া গেছে। আরো দুটি কিস্তির টাকা পাওয়ার কথা রয়েছে। আইএমএফ বর্ধিত ঋণ সহায়তা কর্মসূচি আরো বাড়াতে চেয়েছিল। কিন্তু আমরা এটা বাড়ানোর পক্ষে আমি নই। কারণ, এর প্রয়োজন নেই। তবে এর পরিবর্তে নতুন করে তাদের সঙ্গে অন্য কোনো কর্মসূচি চালু করা যেতে পারে। এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংক বাংলাদেশকে পাঁচ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। চুক্তি হয়ে গেলে আগামী অর্থবছরে এটা ব্যবহার করা যেতে পারে।
আইএমএফের বৈঠকের পর অর্থমন্ত্রীর হাতে সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশ হস্তান্তর করা হয়। সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম অর্থমন্ত্রীর কাছে ২০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে-কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়। বর্তমানে ১৩ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে চাকরিতে সক্রিয় রয়েছেন প্রায় ১১ লাখ। গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়।
