তৈরি পোশাক শিল্প এলাকায় আগামী ৩ অক্টোবর শুক্রবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস সঠিকভাবে প্রদানের জন্য বিজিএমইর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দিয়েছে। মঙ্গলবার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে পত্রে বলা হয়েছে, ছুটির (৪ থেকে ৭ অক্টোবর) আগে বিশেষ কোনো অপরিহার্য কারণে বেতন-ভাতাদি পরিশোধ করা সম্ভব না হলে বিশেষ ব্যবস্থাধীনে পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ আগামী তিন অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার পরামর্শ দেয়া যাচ্ছে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখার কথা বলা হয়েছে। তবে এ ক্ষেত্রে খোলা রাখা শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করারও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
