অজ্ঞানপার্টি, মলমপার্টি ও ছিনতাইকারীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়াও আসন্ন ঈদুল আযহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরবাসী যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে, সে জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে নগর পুলিশের পক্ষ থেকে।
আর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ডিএমপি সদর দফতরে বুধবার থেকে চালু করা হচ্ছে কন্ট্রেল রুম। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে মাসিক অপরাধ সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।
অপরদিকে ঈদ ও পূজায় নিরাপত্তা নিশ্চিদ্র করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। সকাল ১১টায় থেকে বিকাল চারটা পর্যন্ত এ বৈঠকে উপস্থিতি ছিলেন সকল ক্রাইম বিভাগের ডিসি, ৪৯ থানার ওসিসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা।
এ বছর মুসলমান এবং হিন্দু ধর্মাবলম্বীদের দুটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহা এবং শারদীয় দুর্গাপূজা এ বছর প্রায় একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকের শুরুতে জুলাই ও আগষ্ট মাসে অপরাধ পরিসংখ্যাক উপস্থাপন করে জয়েন্ট কমিশনার মীর রেজাউল আলম। এরপরই সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার। কমিশনার নগরবাসীর কেনাকাটা নির্বিঘ্ন রাখতে থেকে চাঁদাবাজ, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী ধরতে আজ থেকেই সাঁড়াশি অভিযানের নির্দেশ দেন।
রাজধানীর ২১টি গরুর হাটে নির্ধারিত ঘাট ছাড়া কোরবানির পশু উঠানামা রোধ, পশুরহাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, পশুরহাট ইজারাদার কর্তৃক হাসিল হার প্রদর্শন, জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং যান চলাচল স্বাভাবিক রাখা প্রয়োজনীয় নির্দেশনা দেন।
