নাশকতার অভিযোগে তেজগাঁও ও রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। নতুন তারিখ ধার্য হয়েছে ২৭ অক্টোবর ও ৪ ডিসেম্বর। বুধবার এই নতুন তারিখ ধার্য করে ঢাকার দুই আদালত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২৭ অক্টোবর নতুন দিন রেখেছেন ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক আতাউল হক।
অন্যদিকে রমনায় ভিকারুন নিসা নূন স্কুলের সামনে গাড়ি ভাংচুরের মামলায় ফখরুলসহ ৪১ জনের অভিযোগ গঠনের জন্য ৪ ডিসেম্বর দিন রেখেছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ।
২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি-জামায়াত জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
এছাড়া গতবছর মার্চে ভিকারুন নিসা নূন স্কুলের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনায় রমনা থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অন্য মামলাটি দায়ের করা হয়।
