ভারত থেকে পাচার হয়ে আসা ট্রাক ভর্তি শাড়ী ও থ্রি পিছ’র একটি চালান বুধবার ভোরে বেনাপোলের নাভারন বাজার থেকে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শফিকুল নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। শফিকুল খুলনার কয়রা থানার বাসিন্দা।
২৬ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, চোরাকারবারীরা ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ শাড়ী ও থ্রিপিছের চালান সীমান্ত পার করার পর ট্রাক ভর্তি করে বাগআচড়া নাভারন হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নাভারন বাজারে অভিযান চালিয়ে এক ট্রাক ভারতীয় শাড়ী-থ্রিপিচের চালানসহ শফিকুল নামে ওই চোরাকারবারীকে আটক করে। আটক মালামালের মুল্য ৫ কোটি ৯০ লাখ টাকা। মালামাল বেনাপোল কাস্টমস্ হাউসে জমা দেয়া হয়েছে এবং চোরাকারবারীকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
