সিরাজগঞ্জে বাস উল্টে শিশুসহ নিহত ৩

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৫৪
 
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গোজা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ জেলার আতরাই উপজেলা সদরের বুলবুল আহম্মেদের মেয়ে সাদিয়া (৫), নাটোর জেলার হলুদঘর গ্রামের আব্দুস ছামাদের ছেলে মিলন (২৭) ও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জগদেশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মাহমুদুল হাসান (১৮)। 
জানা গেছে, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। বাসটি গোজা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ আলী জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও বাসচালক পালিয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।