ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদরাবু মানসুর হাদি। তবে তিনি সরকারের কর্তৃত্ব ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন। সুন্নি-শাসিত দেশটির রাজধানী সানায় ইতোমধ্যে শিয়া বিদ্রোহীরা প্রবেশ করেছে। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণও নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এমন অবস্থায় মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনে থেকে দেয়া এক ভাষণে এ সব কথা বলেন হাদি। তিনি বলেন, ‘ইয়েমেনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আর ষড়যন্ত্রের কারণে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে।’ খবর আল-জাজিরার।
প্রেসিডেন্ট আবদরাবু মানসুর হাদির বক্তব্যের দুই দিন আগেই রাজধানী সানায় ঢুকে পড়ে বিদ্রোহীরা। এর আগে উভয়পক্ষের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তিচুক্তি হয়। কিন্তু বিদ্রোহীরা সে চুক্তি ভঙ্গ করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে।
হাদি বলেন, ‘যারা ইয়েমেন থেকে তাদের স্বার্থ হাসিল করতে পারেনি এবং যারা ইয়েমেনের ওপর তাদের প্রতিশোধ নিতে চায় তারা এখন এক হয়েছে। অনেক শক্তি এক হয়ে সানার বিরুদ্ধে হামলা চালাচ্ছে।’ হাদি জোর দিয়ে বলেন, ‘ইয়েমেনের পতন হবে না।’ তবে মানসুর হাদির এমন বক্তব্যে দেশটির জনগণের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব বিরাজ করছে। কাকে তিনি শত্রু বলছেন বা কারা একত্র হয়ে ষড়যন্ত্র করছে, তার বক্তব্য থেকে তা স্পষ্ট হয়নি।
