নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাব-১১ এর সদস্যদের কাছে রশি ও বস্তা বিক্রয়কারী দুই দোকানদার আদালতে সাক্ষী দিয়েছেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে তারা এই সাক্ষ্য দেন। সাক্ষ্য প্রদানকারীরা হলেন, আদমজী সোনামিয়া মার্কেটের দোকানদার শাহজাহান ও মতি মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, সাতজনকে হত্যার পর রশি ও বস্তায় ২৪টি ইট ভরে তা লাশের শরীরে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। ঐ দিন রাতে পোশাকধারী র্যাব সদস্যরা আদমজী সোনামিয়া মার্কেটের দোকানদার শাহজাহান ও মতি মিয়ার দোকান থেকে রশি ও বস্তা সংগ্রহ করে।
এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতারকৃত র্যাব-১১ এর ১০ জন সদস্য হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। নূর হোসেনের দুই সহযোগীও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এছাড়া র্যাব-১১ এর ৯ জন সদস্য আদালতে স্বাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহূত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয় জনের ও ১ মে আরো একজনের লাশ পাওয়া যায়। মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতের কলকাতায় গ্রেফতার হয়ে কারাগারে আছে। নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগে গ্রহণ করেছে সরকার।
