সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একমাত্র মেয়ে চেলসি ক্লিনটনের সন্তান প্রসবের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার নিজের গাড়িবহর ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন।
অক্টোবরের প্রথম সপ্তাহে সন্তানসম্ভবা চেলসির মা হওয়ার কথা।
সন্তান প্রসবের সময় নিউইর্য়কের যানজট এড়িয়ে চেলসিকে যেন দ্রুত হাসপাতালে স্থানান্তর করা যায় তার জন্য এ প্রস্তাব দেয়া হয় তাকে। ক্লিনটন-ত্রয় নিউইয়র্কে বসবাস করেন।
যদিও ক্লিনটন দম্পতি তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম নাতির জন্মের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করেননি।
কিন্তু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিএনএনকে জানান যে, তিনি অক্টোবরের ১ তারিখেই নানা হওয়ার ব্যাপারে আশাবাদী।
প্রতিবছর এই সময়টাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সময় নিউইর্য়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সভায় অংশ নিয়ে ওবামা কৌতূক করে বলেন, ‘আমি সভায় আলোচনা করার সময় যদি চেলসির সন্তান প্রসবের সময় হয়, তাহলে তার জন্য আমার গাড়িবহন রয়েছে, যাতে সে যানজট এড়িয়ে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারে।’
ওবামা বলেন, ‘আমি জানি না সমস্যাটি কোথায়। সবাই যানজটের কথা বলে কিন্তু আমি কখনও নিউইর্য়কের রাস্তায় যানযট দেখিনি।’
উল্লেখ্য, রাস্তায় প্রেসিডেন্টের গাড়িবহর চলাচলের সময় রাস্তার দুপাশের গাড়ি থামিয়ে রাস্তা ফাঁকা করে দেয়া হয়।
প্রেসিডেন্টের গাড়িবহরে থাকে দুটি সাঁজোয়া লিমোজিন গাড়ি, সিক্রেট সার্ভিসের গাড়ি,ভারী অস্ত্রে সজ্জিত সোয়াত টিমের গাড়ি এবং কর্মকর্তাদের জন্য মিনিবাস, গণমাধ্যমের গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স। সূত্র: রয়টার্স।
