এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ বালু্মহালে অবৈধভাবে ইজারা নিয়ে বালুসন্ত্রাসীরা নদীর তীরে এসে বালু তুলছে। ইতিমধ্যে জাজিরা, বকচর ও চর আবদুল্লাহপুর গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি খননযন্ত্রের মাধ্যমে কেটে নিয়ে গেছে। মুন্সিগঞ্জের সদর উপজেলায় মেঘনা নদীর তীর ঘেঁষে খননযন্ত্রের মাধ্যমে বালু তোলা হচ্ছে। গতকাল বুধবার গ্রামবাসী এই অবৈধ বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ মিছিল করে। তারা মিছিল করে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানায়।
কয়েক শত মানুষ জেলা প্রশাসকে কার্যালয়ে উপস্থিত হয়। জেলা প্রশাসক গ্রামবাসীর অভিযোগ শুনে তাদের স্বাক্ষর নিয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করেন। তিনি গ্রামবাসীকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়।
