যানজট ও অপরাধ নিয়ন্ত্রণ করতে মহাসড়কে আইপি ক্যামেরা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ০৬:৫৪

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে আইপি ক্যামেরা স্থাপন করা হয়। আইপি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, ইন্টারনেট প্রটোকল (আইপি) ক্যামেরা স্থাপন করে মহাসড়কের যানজট ও অপরাধ দুটিই নিয়ন্ত্রণ করা সম্ভব।

পুলিশের মহাপরিদর্শক বলেন, আইপি ক্যামেরা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে যানবাহন নিয়ন্ত্রণ করা। এটিকে আরও বিস্তৃত করে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণও করা হবে। শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, ভবিষ্যতে এর মাধ্যমে অপরাধীদের প্রমাণসহ গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আইজিপি জানান, সামনের ঈদে মহাসড়কে যানবাহনের চাপ পড়বে। এর জন্য দেশের মহাসড়কগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আইজিপি জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পাঁচটি, চন্দ্রা ত্রিমোড় এলাকায় পাঁচটি, শ্রীপুরের মাওনা-চৌরাস্তায় চারটি আইপি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া টঙ্গী, ভোগড়া বাইপাস মোড়সহ বিভিন্ন মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ চলছে। গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে মূল সার্ভার রুম থেকে পুরো ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করা হবে। এ সার্ভারে সর্বশেষ তিন মাসের ভিডিও রেকর্ডিং সংরক্ষিত থাকবে। প্রয়োজনে ওই রেকর্ডিং পর্যালোচনা করা যাবে। ওই ক্যামেরার কমপক্ষে ৪০০ মিটারের মধ্যে যেকোনো অপরাধ সংঘটিত হলেও তা বোঝা যাবে। ফলে পুলিশের কর্মকাণ্ডও নজরদারির মধ্যে থাকবে।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও বিশেষ সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন পয়েন্টের ট্রাফিক ব্যবস্থার ভিডিওচিত্র দেখতে পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইওয়ের ডিআইজি আসাদুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জমান, ডিআইজি (অপারেশন) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।