আরো দুইদিন বৃষ্টি হতে পারে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫৪

দেশের বিভিন্ন স্থানে আরো দুইদিন বৃষ্টি হতে পারে। গত কয়েক দিনের মতো বুধবারও রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহে সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রাজধানীতে বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, এমন আবহাওয়া শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর দুয়েক দিন রোদেলা আবহাওয়ার ফাঁকেই বৃষ্টির দেখা মিলতে পারে। বর্ষা মৌসুম বিদায়ের আগে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। অক্টোবরের প্রথমার্ধে বিদায় নেবে বর্ষা। এর আগ পর্যন্ত মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে।