ফরিদপুরের সালথায় একটি ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত ও সাতজন আহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে উপজেলার চর বাংরাইল বাকা ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের আমিনদ্দিন ফকিরের ছেলে মজিবর ফকির (৪৬) ও ফজলু মোল্লার ছেলে জুলহাস মোল্লা (৪২)।
স্থানীয়রা জানান, রাতে পিঁয়াজ বোঝাই ট্রাকটি মাঝারদিয়া বাজার থেকে ফুলবাড়িয়া বাজারে যাচ্ছিল। ট্রাকটি চর বাংরাইল বাকা ব্রিজে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এ সময় নয় ব্যক্তি আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র নেওয়া হয়। রাতে ফরিদপুর মেডিকেল হাসপাতালের চিকিৎসক আহত মজিবর ও জুলহাসকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
