ব্যবসায়ীকে জরিমানার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দপুর ১২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা শহরে আধাবেলা ধর্মঘট পালন করে স্থানীয় ব্যবসায়ীরা। এর আগে বুধবার সন্ধ্যায় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে আলমডাঙ্গা উপজেলা শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম গতকাল বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিভিন্ন অনিয়ম ও অবৈধ কার্যকলাপের দায়ে আলমডাঙ্গা উপজেলা শহরের কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন। এ সময় শফিকুল ইসলাম নামে উপজেলা বণিক সমিতির ক্রীড়া সম্পাদকের মুদি দোকানে অবৈধ পলিথিন বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা ধার্য করে। বণিক সমিতি নেতা ঐ দোকান মালিক জরিমানার টাকা পরিশোধে অস্বীকৃতি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তর্কাতর্কি ও অশোভন আচরণ করেন। এতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে ঐ রাতেই জরিমানার টাকা পরিশোধ করে আটক ব্যবসায়ী নেতাকে মুক্ত করে আনা হয়। ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানী এবং ব্যবসায়ী নেতাকে আটকের প্রতিবাদে ব্যবসায়ীরা প্রতিবাদ-বিক্ষোভ মিছিল ও ধর্মঘট কর্মসূচি পালন করে।
