গাজীপুরে স্ত্রীকে বেঁধে রেখে ব্যবসায়ীকে জবাই

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৪০

গাজীপুর সিটি কর্পোরেশনের বারবৈকা এলাকায় স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে স্ত্রীর সামনে শাহাবুদ্দিন নামের এক গাড়ি ব্যবসায়িকে গলা কেটে হত্যা করেছে দুর্র্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সাহাবুদ্দিন নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানার সোনাপুর গ্রামের মৃত ইব্রাহিম সওদাগরের ছেলে। সাহাবুদ্দিন গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ কেনা বেচার ব্যবসা করতেন। গাজীপুর মহানগরীর বারবৈকা এলাকার নিজ বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন।  
বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে বাইরে শব্দ ও কুকুরের ডাক শুনে সাহাবুদ্দিনের স্ত্রী আসমা উল হুসনা (৩৫) বাড়ির কলাপসিবল গেইট খুলে বের হন। এসময় ওঁৎ পেতে থাকা মুখোশ পরা ৬ দুর্বৃত্ত ঘরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে আসমা উল হুসনার (সাহাবুদ্দিনের স্ত্রী) হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে দুর্বৃত্তরা পাশের কক্ষে ঘুমিয়ে থাকা ব্যবসায়ী সাহাবুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়। ঘটনার সময় অপর কক্ষে নিহতের দুই ছেলে ও এক মেয়ে ঘুমিয়ে থাকলেও তারা টের পায় নি। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ সকালে বিছানার উপর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ব্যবসায়িক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন। তবে এলাকাবাসীর ধারণা পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিত এ খুনের ঘটনা ঘটেছে।