বাংলাদেশিকে হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৪:২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নাগরিক জিয়ারুল আহমেদ রাজু নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে বিজিবি ও বিএসএফ’র মধ্যে ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ৯ টা ৫০ মিনিট  পর্যন্ত ৬১/১ এস পিলারের পাশে মহেশপুরের হালদারপাড়া মাঠে  কোম্পানি কমান্ডার পর্যায়ে এ ফ্লাগ মিটিং অনুষ্টিত হয়।
বিজিবি’র পক্ষে নের্তৃত্ব দেন কুসুমপুর কোম্পানি কমান্ডার মো. শফিকুল আলম। বিএসএফ’র পক্ষে ছিলেন ফতেপুর কোম্পানি কমান্ডার এসি জব্বার সিং। বিজিবি’র পক্ষ থেকে বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। ঘটনার সাথে জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিএসএফ এর পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে বিজিবিকে অশ্বাস দেয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিএসএফ অত্যন্ত সতর্ক থাকবে বলেও জানানো হয়।
এ ব্যাপারে আগামীকাল শুক্রবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তে বিজিবি  - বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে  ফ্লাগ মিটিং আনুষ্ঠিত হবে।
বিজিবি’র চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, বুধবার রাত ৯টার দিকে নিহত জিয়ারুলসহ কয়েকজন ৬১/ ১৮ এস পিলারের পাশ দিয়ে গরু আনার জন্য ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় নদীয়া জেলার নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। জিয়ারুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার সঙ্গীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে লাশ। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি’র পক্ষ থেকে ফ্লাগ মিটিংয়ের আহ্বান জানানো হয়।