মনপুরায় তিন জেলে উদ্ধার, আটক ১১

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৩০
 
ভোলার মনপুরার মেঘনা থেকে অপহৃত তিন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় অস্ত্রসহ ১১ জলদস্যুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুুপুর ১২টায় ডালচর সংলগ্ন মেঘনা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- জহিরুল ইসলাম (১৮), কবির (২৭) এবং আয়াত উল্লাহ (২১)।
আটককৃতরা হলেন- নুরনবী (৩০), মোস্তাফিজ (৫৫), দিদার (২০), সাহাবুদ্দিন (২৮), সাইদুর (২৮), আবুল কালাম (৩৮), আজমীর হোসেন (৩৮), ভূট্টো (২৮), আবুল কালাম (৩১), মজিবুর রহমান (২৮) এবং করিম (৩৫)। এদের বাড়ি হাতিয়া ও ভোলা জেলার বিভিন্ন উপজেলায়। এছাড়া জলদস্যূ কর্তৃক অপহৃত ৩ জেলে জহিরুল ইসলাম(১৮), কবির (২৭) এবং আয়াত উল্যাহ’কেও(২১) উদ্ধার করে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, তিন জেলেকে অপহরণ করে জলদস্যুদের মুক্তিপণ আদায়ের বিষয়টি জানতে পেরে কোস্টগার্ডের একটি দল মনপুরা থেকে উত্তর পূর্ব কোণে অবস্থিত বিচ্ছিন্ন ডালচরে অভিযান চালিয়ে তিন জেলেকে উদ্ধার ও ১১ জলদস্যুকে আটক করেন তারা। এসময় সেখান থেকে একটি ওয়ান শুটার বন্ধুক, পাঁচ রাউন্ড গুলি, ১০টি ঢাল, চারটি রাম দা, একটি চাপাতি ও দুইটি ছুরি।
এ ব্যাপারে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাহাতুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রসহ জলদস্যুদের মনপুরা থানায় হস্তান্তর করা হবে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ হানিফ সিকদার বলেন, অস্ত্রসহ জলদস্যু আটকের বিষয়টি শুনেছি। কোস্টগার্ডের কর্তৃপক্ষ আটককৃতদের থানায় নিয়ে আসছেন। পরে মামলাসহ বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।