ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জিহাদিদের পশ্চিমা ‘ফ্রাঙ্কেনস্টাইন’ বলে অভিহিত করেছেন। বুধবার প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বামপন্থি এই নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিকে এভাবেই তুলোধুনো করেন। খবর এএফপির।
মাদুরো মধ্যপ্রাচ্যে জিহাদি সংকট তৈরিতে সহায়তার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন এবং এই সমস্যার একমাত্র সমধান হিসেবে সংশ্লিষ্ট আঞ্চলিক সরকারগুলোকে যুক্ত করার কথা বলেন। তিনি বলেন, এই দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি জোট এবং দেশগুলোর সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনীর সহায়তাই সত্যিকার অর্থে ইসলামি সন্ত্রাসবাদ অর্থ্যাত্, পশ্চিমাদের লালনপালনে দানব পরিণত হওয়া এ সব সন্ত্রাসীদের পরাজিত করবে।
ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের উত্তরসূরি বলেন, বিশ্বের সবচেয়ে বড় হুমকি এখন ইবোলা ভাইরাস। অথচ পশ্চিমা শক্তিগুলো ইরাক ও সিরিয়ার মানুষের ওপর বোমা ফেলতে ব্যস্ত। শ্যাভেজের মতোই পশ্চিমাদের কড়া সমালোচক মাদুরো সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজনীয়তার ব্যাপারে দ্বিমত পোষণ করেননি। এর পাশাপাশি তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহীদের কোনো কোনো গ্রুপের প্রতি পশ্চিমাদের সমর্থনেরও সমালোচনা করেন।
