চলতি অর্থবছরে ৬.৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩২
 
 
 
দেশে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে তা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করবে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। অন্যদিকে রাজস্ব আহরণ এবং বৈদেশিক খাত থেকে কাঙ্ক্ষিত পরিমানে অর্থায়ন না হলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে প্রভাব পড়তে পারে। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক পূর্বাভাস পর্যালোচনা প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি বিষয়ে এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে এডিবি’র প্রিন্সিপাল ইকোনমিস্ট জাহিদ হোসেন। এ সময় এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে দেশের অর্থনৈতিক বিভিন্ন সূচকের প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়। চলতি ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে প্রাক্কলন করা হয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি ৭ দশমিক ৪ শতাংশ থেকে নেমে সাড়ে ৬ শতাংশ হবে। তবে এ জন্য রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুত্ ঘাটতি কমিয়ে আনা, বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণের কথা বলা হয়েছে।

জাহিদ হোসেন বলেন, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ৬ শতাংশের উপরে জিডিপি প্রবৃদ্ধি সন্তোষজনক। বাংলাদেশের সম্ভাবনা অনুযায়ী প্রবৃদ্ধি আরো বেশি হওয়া দরকার ছিলো। এটি যথেষ্ট নয়। রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।