দৈনিক ১৫ কোটি লিটার পানি উত্পাদনের লক্ষ্য

তেঁতুলঝরা-ভাকুর্তা ওয়েল ফিল্ড নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে ওয়াসা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪২
 
দৈনিক ১৫ কোটি লিটার পানি উত্পাদনের লক্ষ্যে ‘তেঁতুলঝরা-ভাকুর্তা ওয়েল ফিল্ড নির্মাণ প্রকল্প’ গ্রহণ করেছে ঢাকা ওয়াসা। ৫২১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্প থেকে রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দাদের জন্য পানি সরবরাহ করা হবে। ২০১৬ সালের জুন মাস নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের মোট ব্যয়ের ৭০ ভাগ কোরীয় সরকার এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার ও ঢাকা ওয়াসা যোগান দেবে। বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় এক হোটেলে ঢাকা ওয়াসা ও কোরিয়ার হুন্দাই রটেম কোম্পানির (এইচআরসি) মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষরিত হয়। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং কোরীয় কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জুং-জে হু চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসা বোর্ডের ভাইস চেয়ারম্যান জুয়েনা আজিজ ও কোরীয় দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স হুয়াং জু কিম উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা ওয়াসার কার্যক্রম বেশ তাত্পর্যপূর্ণ। রাজধানীবাসীর চাহিদা পূরণে এই সংস্থাকে দিনরাত ২৪ ঘণ্টাই জেগে থাকতে হয়। বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে গত ৫ বছরে ঢাকা ওয়াসার পানি উত্পাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে।
হুয়াং জু কিম বলেন, রাজধানীর পানি সরবরাহ কার্যক্রমে বাংলাদেশ ও কোরিয়ার সহযোগিতা বেশ সফলভাবে কাজ করছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে কোরীয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তাকসিম এ খান বলেন, একটি পরিবেশবান্ধব এবং টেকসই পানি ব্যবস্থাপনার লক্ষ্যে ঢাকা ওয়াসা তার কার্যক্রম অব্যাহত রেখেছে। ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে ২০১৯ সালের মধ্যে ঢাকা ওয়াসা মোট উত্পাদনের শতকরা ৭০ ভাগ ভূ-পরিস্থ উত্স থেকে উত্পাদনের লক্ষ্যে কাজ করে চলেছে। ওয়াসার বিভিন্ন প্রকল্পে সহযোগিতার জন্য প্রকৌশলী তাকিসম সহযোগী সকল প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানান। 
উল্লেখ্য, ঢাকা ওয়াসা বর্তমানে রাজধানীর দৈনিক ২৩০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২৪২ কোটি লিটার পানি উত্পাদন ও সরবরাহের সক্ষমতা অর্জন করেছে। ঢাকা ওয়াসা বর্তমানে তার মোট উত্পাদনের শতকরা ২২ ভাগ ভূ-পরিস্থ উত্স থেকে সংগ্রহ করছে।