আগস্টে সব দেশ থেকেই রেমিট্যান্স কমেছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১৩
 
রেমিট্যান্স প্রেরণকারী সবগুলো দেশ থেকেই রেমিট্যান্স আসার পরিমাণ কমে যাওয়ায় আগস্ট মাসে সার্বিকভাবে রেমিট্যান্সের কমে গেছে। বিশেষ করে রেমিট্যান্সের বড় ভূমিকা রাখা দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জুলাইয়ের তুলানায় আগস্টে রেমিট্যান্সের পরিমাণ অনেক কমেছে। তবে চলতি অর্থবছরের (২০১৩-১৪) প্রথম দুই মাস শেষে শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী দেশ হিসেবে বরাবরের মতই সৌদি আররে অবস্থান ঠিকই আছে। এর পরের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের হিসেবে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি বিভাগের প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছরের প্রথম মাসের তুলনায় দ্বিতীয় মাসে ইতালি ও দক্ষিণ কোরিয়া থেকে রেমিট্যান্স আসার পরিমাণ সামান্য বেড়েছে। এ মাসে এ দুই দেশ ছাড়া অন্যান্য সব দেশ থেকে রেমিট্যান্স আসার পরিমাণ কমেছে। শতকরা হিসাবে আগের মাসের তুলনায় গতমাসে সবচেয়ে বেশি কমেছে যুক্তরাজ্য ও লিবিয়া থেকে। জুলাইমাসে যুক্তরাজ্য থেকে ১০ কোটি ২৫ লাখ ডলার এসেছিল আর পরের মাসে এ দেশ থেকে এসেছে ৫ কোটি ৬৫ লাখ ডলার। অন্যদিকে লিবিয়া থেকে আগস্ট মাসে মাত্র সাড়ে আট লাখ ডলার এসেছে। অথচ আগের মাসে সেদেশ থেকে ৪১ লাখ ডলার এসেছিল।
২০১৩-১৪ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট শেষে দেশে মোট ২৬৬ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে প্রথম মাসে এসেছিল ১৪৯ কোটি ১৩ লাখ ডলার। আর বাকি ১১৭ কোটি লাখ ডলার এসেছে আগস্টে। পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসে সৌদি আরব থেকে ৩০ কোটি ৩৩ লাখ ডলার আসলেও আগস্টে তা কমে দাঁড়িয়েছে ২৫ কোটি ৯৪ লাখ ডলার। সংযুক্ত আরব আমিরাত থেকে জুলাইয়ে এসেছিল ২৫ কোটি ৮৯ লাখ ডলার আর আগস্টে এসেছে ২১ কোটি ৭৩ লাখ ডলার। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগের মাসে ২৫ কোটি ৫৫ লাখ ডলার আসলেও গত মাসে তার পরিমাণ ছিল ১৮ কোটি দুই লাখ ডলার। এভাবে রেমিট্যান্স প্রেরণকারী অন্যান্য দেশ থেকেও জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স কমেছে।