‘কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরির ঘোষণা চাই’ শীর্ষক প্রচারাভিযান

কৃষি শ্রমিকের ন্যায্য অধিকারের দাবিতে এক মঞ্চে আসার আহবান তথ্যমন্ত্রীর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৪২



কৃষি শ্রমিকের ন্যায্য মজুরি ও অধিকারের দাবি আদায়ে সবাইকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কৃষি শ্রমিকসহ অন্যান্য অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য অভিন্ন ন্যূনতম মজুরি কাঠামো করা যায় কি না- ভেবে দেখা দরকার।’
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি চাই’ শীর্ষক জাতীয় প্রচার অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট (এসটিডি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় সংসদের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির সদস্য ই¯্রাফিল আলম, বিশ্ব খাদ্য সংস্থার পরামর্শক ড. নীতিশ কুমার দেবনাথ, ক্ষেত মজুর সমিতির সভাপতি শামসুজ্জামান সেলিম, কর্মজীবী নারীর নির্বাহী সভাপতি রোকেয়া রফিক বেবী, স্টেপস টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, সবাইকে মনে রাখতে হবে কোনো সরকার ক্ষমতায় থাকলে দেশের কৃষি, নারী ও গণতন্ত্রের উন্নয়ন হয়। আর কারা ক্ষমতায় থাকলে এ সব অনিরাপদ হয়, জঙ্গিবাদ উত্থান হয়। বর্তমান সরকার গ্রাম, কৃষি ও নারীমুখী বলে তিনি উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, কৃষকদের সব অধিকার রক্ষায় ‘কৃষি অধিকার মঞ্চ’ গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে, এই কমিটির পক্ষ থেকে কৃষি শ্রমিকের অধিকার আদায়ে একটি পূর্ণাঙ্গ আইনের খসড়া শ্রম মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এখনো এ আইন পাস হয়নি। তাই, সবাই এ আইনের বিষয়ে সুপারিশ করার পাশাপাশি এক মঞ্চে আসতে হবে।