আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিতে বিদায়ের সানাই বাজছে। বিএনপি নেতা মওদুদ আহমেদের লেখা সম্প্রতি প্রকাশিত বইয়ে সেই সানাইয়ের সুর পাওয়া গেছে। এ ছাড়া ইদানীং রাতের অন্ধকারে সরকারের সঙ্গে যোগাযোগ করে অনেকেই বিএনপি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়নে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, বিএনপি জোটের ভাঙ্গন ধরিয়ে বৃহস্পতিবার আত্মপ্রকাশ করেছে ১০ দলের নতুন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। ২০ দলীয় জোট থেকে আগে বের হয়ে আসা এনপিপির শেখ শওকত হোসেন নীলু এই নতুন জোটের নেতৃত্ব দিচ্ছেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাতটি দলেরই কোনো হদিস নেই। বিএনপির রাজনৈতিক দৈন্যদশা এমন চরম পর্যায়ে গেছে যে, যেসব দল চলে গেছে সেগুলোর কিছু নেতাকে ধরে এনে একই নামে নতুন দল তৈরি করে জোটে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে অন্তত বিশ দল নামটি ধরে রাখা যায়। তিনি বলেন, খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তার পলায়ন মনোবৃত্তি, ভয়-ভীতি লক্ষ্য করা গেছে। আসলে তার মনে স্বস্তি নেই। অবশ্য স্বস্তি আসবে কী ভাবে? যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হরতালের ঘোষণা দিয়ে মাথায় হেলমেট পড়ে পালিয়ে বেড়ায়, সেই দলের নেত্রীর মনে হতাশা থাকবে—এটাই স্বাভাবিক।
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
