ঈদ ৬ অক্টোবর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪৯
 
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামী ৬ অক্টোবর সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
 
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম, স্পারসোর পিএসও মোঃ শাহ আলম এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।