শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ২২:০৬
 
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশন এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে প্রায় ১৮০০ কোটি টাকা আত্মসাতপূর্বক পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দীককে এ অনুসন্ধান পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা শিগগিরই অনুসন্ধান কাজ শুরু করবেন।
দুদক সূত্র জানায়, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বিভিন্ন সময় ৬টি ব্যাংকের পরিচালকের দায়িত্বে ছিলেন। এসব পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে ‌ঋণের নামে প্রায় ১৮০০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।