কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় টেকনাফের জইল্ল্যার দ্বীপ এলাকার নাফ নদী তীরে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) দমদমিয়ার বিওপির বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জইল্যার দ্বীপ এলাকার নাফনদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ইয়াবাগুলো মিয়ানমার সমুদ্র অতিক্রম বাংলাদেশে নিয়ে আনা হচ্ছিল বলে জানিয়েছেন তারা। উদ্ধারকৃত ইয়াবা মুল্যে ৯০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, ৯০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে তার পাশাপাশি মরণ নেশা ইয়াবা ঠেকাতে বিজিবি সবসময় তত্পর রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।
