দেশের অর্থনীতির প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ভারতের চেয়ে বেশি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ০৯:১৫

ছোট অর্থনীতির দেশ হলেও বাংলাদেশ অর্থনীতির অনেক সূচকে অন্যান্য দেশ থেকে এগিয়ে আছে। সার্কের মধ্যে একমাত্র শ্রীলংকা ছাড়া বাকি দেশগুলো থেকে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন বা জিডিপির প্রবৃদ্ধি ভালো। মোট জিডিপির হিসেবেও বাংলাদেশ সাতটি দেশের মধ্যে তৃতীয়। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতি। প্রবৃদ্ধি যে হারে বাড়ছে তার চেয়ে দ্বিগুণেরও বেশি হারে বাড়ছে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি। বাংলাদেশের রপ্তানি আয়, প্রবাসীদের প্রেরিত অর্থ বা রেমিট্যান্স, সেবাখাতের ব্যাপক সমপ্রসারণের কারণে অর্থনীতিতে এ প্রবৃদ্ধি ঘটছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৩ সালে বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি ঘটেছে ছয় শতাংশ। চলতি বছরে এ প্রবৃদ্ধি সামান্য বেড়ে ৬ দশমিক এক শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর শ্রীলংকার অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে সাত দশমিক ৮০ শতাংশ। অবশ্য গত কয়েক বছর ধরে দেশটি গড়ে ৬ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করছে। তবে শ্রীলংকা ছাড়া সার্কের অন্যান্য দেশের জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশের চেয়ে কম। ভারতের অর্থনীতিতে ২০১৩ সালে প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক সাত শতাংশ। চলতি বছরে তা সাড়ে পাঁচ শতাংশে দাঁড়াবে। ভারতে মোদির সরকার আসার পর থেকেই অবশ্য বলা হয়েছে, দেশটির প্রবৃদ্ধি আগের চেয়ে বাড়বে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের অর্থনীতিতে পাঁচ দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিসংখ্যান বিভাগ। অপরদিকে সমস্যাসংকুল দেশ পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি গত কয়েকবছর ধরে ক্রমেই কমছে। চলতি বছর দেশটিতে তিন দশমিক চার শতাংশ এবং আগামী বছর তিন দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এছাড়া নেপাল, ভুটান এবং মালদ্বীপের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের চেয়ে অনেক কম।

এদিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের চেয়েও অনেক বেশি। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে সোয়া দুই শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার বাংলাদেশের চেয়ে বহুগুণ বেশি হওয়ায় সামান্য প্রবৃদ্ধিতেই সেখানকার সরকারে আশার সঞ্চার হয়।

এদিকে মোট দেশজ উত্পাদনের   পরিমাণের দিক থেকেও বাংলাদেশের অবস্থান সার্ক দেশগুলোর মধ্যে তৃতীয়। বাংলাদেশের ওপরে আছে শুধু ভারত আর পাকিস্তান। জিডিপির পরিমাণের দিক থেকে সারাবিশ্বে ভারতের অবস্থান দশম, পাকিস্তানের অবস্থান ৪৪তম এবং বাংলাদেশের অবস্থান ৫৯তম। এছাড়া শ্রীলংকার অবস্থান ৭০তম, নেপাল ১০৯তম, মালদ্বীপ ১৬৪তম, এবং ভুটান ১৬৮তম।

জিডিপির মোট হিসেবে দেখা যায়, ভারতের মোট জিডিপির পরিমাণ ১৮ লাখ ৭৬ হাজার ৭৯৭ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের ২ লাখ ৩৬ হাজার ৬২৫ মিলিয়ন ডলার। বাংলাদেশের এক লাখ ২৯ হাজার ৮৫৭ মিলিয়ন ডলার। এছাড়া শ্রীলংকার জিডিপি ৬৬ হাজার ৫৪৮ মিলিয়ন ডলার, নেপালের ১৯ হাজার ২৯৪ মিলিয়ন, মালদ্বীপের ২৩শ’ মিলিয়ন এবং ভুটানের এক হাজার ৬১৫ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে বিশ্বের সবেচেয়ে বড় অর্থনীতির দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, চীন এবং জাপান। প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার এক কোটি ৬৮ লাখ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের অর্থনীতির আকার ৯২ লাখ ৪০ হাজার ২৭০ মিলিয়ন মার্কিন ডলার, আর তৃতীয় অবস্থানে থাকা জাপানের অর্থনীতির আকার ৪৯ লাখ এক হাজার ৫৩০ মিলিয়ন মার্কিন ডলার।