পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের দাউদকান্দি ব্রীজে বৃহস্পতিবার গভীর রাতে ২টি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে দুইদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় ২টি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক দুর্ঘটনায় পতিত হলে মহাসড়কে যানজটের শুরু হয়। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়ার পর যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে দাউদকান্দি ব্রীজে ৩টি বিকল হয়ে পড়ায় উভয় দিকের গাড়ির চাপে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীবাহী বাস, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ভিআইপিদের যানবাহন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয়। রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাত্রী ফখরুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে রওয়ানা হয়ে বিকাল ৩টায় রোগী নিয়ে কুমিল্লা শহরে পৌঁছেন। এশিয়া লাইন পরিবহনের যাত্রী জয়নাল আবেদীন জানান, ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় রওয়ানা হয়ে বিকাল সাড়ে ৩টায় ময়নামতি পৌঁছেন। এদিকে মহাসড়কে যানজটে আটকাপড়া কিছু যাত্রীবাহী বাস বিকল্পপথে চলাচল করায় কুমিল্লা নগরীতেও যানজটের সৃষ্টি হয়। বিকাল ৪টায় এ রিপোর্ট পর্যন্ত মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছিল। হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম পিপিএম জানান, শুক্রবার ছুটির দিন ও ঈদকে কেন্দ্র করে রপ্তানীমুখী ও পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানের চলাচল বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে দাউদকান্দি ব্রীজ ও চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৃথক দুইটি দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।
