আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির (আইএইএ) ৫৮তম সম্মেলনে ‘আউটস্টান্ডিং এচিভমেন্ট এওয়ার্ড’ সম্মননায় ভূষিত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিআইএনএ) এর বিজ্ঞানী ড. মির্জা মোফাজ্জেল ইসলাম। আইএইএ ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এ সম্মাননা প্রদান করেছে। রশ্মির ব্যবহার করে বিভিন্ন জাতের ভালো শষ্য উত্পাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তার জন্য মোফাজ্জেল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আইএইএ এর মহাপরিচালক ইউকিয়া আমানো ভিয়েনায় এই সম্মাননা প্রদান করেন। বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মাননা হস্তান্তরকালে আইএইএ’র মহাপরিচালক তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং রুপান্তরিত চারা উত্পাদনে বিআইএনএ’র গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।
