মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিউ মজীনা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এ দেশে সব ধর্মের মানুষ সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে বসবাস করছে এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে সমান গুরুত্ব রাখছে। শুক্রবার বেলা ১২টার দিকে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রকৃতিগতভাবে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। তথ্য প্রযুক্তিতে ব্যাপক উন্নতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পথে দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে।
ড্যান ডবিউ মজীনা আরো বলেন, এদেশের মানুষ পরিশ্রমী, উদার ও বন্ধুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে বাংলাদেশে আমার ভালো সময় কেটেছে। আমি বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝতে চেষ্টা করেছি।
ফেনীতে এ সফরের মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিলুর রহমানের কাছে দেওয়া ৬৪ জেলা দেখার প্রতিশ্রুতি পূরণ হলো বলে তিনি জানান।
পরে তিনি দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের শিক্ষক ও ছাত্রদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড পরিদর্শন করেন। এ সময় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, মজীনার স্ত্রী গ্রেস মজীনা, ইউএসআইএসডির মিশন ডাইরেক্টর জেনিনা জারুজেকসকি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে ফেনী জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
