যাদের ইন্টারনেট ব্যবহার করার সুযোগ নেই তাদের জন্য ফেইসবুক ব্যবহার করার সুযোগ দিতে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুকের কর্তাব্যক্তিরা বোয়িং ৭৪৭ উড়োজাহাজের মতো দানবীয় ড্রোন ব্যবহারের চিন্তা করছে। এর ফলে কেবল ফেইসবুক নয়, ইন্টারনেটও ব্যবহার করতে পারবে এসব মানুষেরা। ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের এই প্রসারের মাধ্যমে বিশ্বব্যাপী তৈরি হবে ১৪ কোটি নতুন কর্মসংস্থান। দারিদ্র্য ঘুচবে ১৬ কোটি মানুষের।
নিউইর্য়কে অনুষ্ঠিত সোশাল গোল্ড সামিট ২০১৪-তে ‘জায়ান্ট ড্রোন’ নিয়ে ফেইসবুকের এই আগ্রহের বিষয়টি তুলে ধরেন প্রতিষ্ঠানটির কানেক্টিভিটি ল্যাবের পরিচালক ইয়েল ম্যাগুয়্যার। ম্যাগুয়্যারের বক্তব্য অনুযায়ী, ফেইসবুকের ড্রোনগুলো আকারে হবে বোয়িং ৭৪৭ উড়োজাহাজগুলোর সমান, তবে ওজনে হবে অনেক হালকা। সৌরশক্তি চালতি এই ড্রোনগুলো একটানা উড়বে কয়েক মাস ধরে। বর্তমানে কানেক্টিভিটি ল্যাব যে পরীক্ষামূলক মডেলটি নিয়ে কাজ করছে তার দৈর্ঘ্যে ৭টি টয়োটা প্রিয়াস গাড়ির সমান। আর ওজন টয়োটা প্রিয়াসের চারটি টায়ারের সমান।
জানা গেছে, সার্বক্ষনিক ইন্টারনেট ড্রোনগুলো ৬০ থেকে ৯০ হাজার ফিট উচ্চতায় উড়বে। আশা করা যাচ্ছে আগামী বছর মডেলটি নিয়ে কাজ শুরু করা সম্ভব।
