শুক্রবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাসলিমা আক্তার ওরফে পলিকে (২২) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল আটটার দিকে উপজেলার মোসলেমহাটি গ্রামের আবু তালেবের মেয়ে তাসলিমা আক্তার পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে যাচ্ছিলেন। এমন সময় গালিমপুর ইছামতী কলেজের সামনে তাসলিমার সাবেক স্বামী আলম হোসেন হঠাৎ তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
