পঞ্চগড়ের বোদা উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে স্কুলশিক্ষকসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রাজমিস্ত্রি নাসিরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাড়েয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহিদুল ইসলামের সহায়তায় নাসিরুল গত বৃহস্পতিবার ওই ছাত্রীকে পৌর এলাকার মাস্টারপাড়া গ্রামে নিয়ে যান। শিশুটি অপহৃত হয়েছে বুঝতে পেরে পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ও নাসিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা রাতে একটি মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান জানান, নাসিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।
