কারাভোগের পর দেশে ফিরলো ১৫ তরুণী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ০৯:৩৩
দীর্ঘ দুই বছর ভারতে কারাভোগের পর শুক্রবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে  দেশে ফিরেছে ১৫ বাংলাদেশি তরুণী
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, ভারত থেকে ফিরে আসা তরুণীরা গত দুই বছর আগে নারী পাচারকারী চক্রের খপ্পরে পড়ে যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। সেখানে যাওয়ার পর  ভারতীয় পুলিশ বিশেষ অভিযানে তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়।
 
কোলকাতার বিভিন্ন কারাগারে দুই বছর কারাভোগের পর তাদের আশ্রয় হয় ‘সংলাপ’ নামে একটি আশ্রম নিবাসে।
 
শুক্রবার রাত আটটার দিকে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এরা বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে।
 
রাতেই বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদেরকে ’রাইটস যশোর’ নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠনের হাতে তুলে দেয়া হয়।
 
ফিরে আসা তরুণীরা হলেন, ফরিদপুর জেলার শালতা থানার  কাঠালবাড়িয়া গ্রামের ময়না আক্তার(১৩),পিরোজপুর জেলার চাঁদপুর গ্রামের লিজা আক্তার(২০), চট্রগ্রামের ডাকসিন কেটরোলি কলেজ রোড এলাকার সুমি আক্তার(২৪), সাতক্ষীরার জগন্নাথপুর এলাকার খাদিজা খাতুন(২১), যশোরের নওয়াপাড়া বয়কারা গ্রামের আশা খাতুন(২৩), যশোরের কেশবপুর থানার মেয়ে বিউটি সুলতানা(২৫), বাগেরহাট জেলার মড়লগঞ্জের ধানসাগর গ্রামের সাবিনা সিকদার(২১), খুলনা জেলার পাইকগাছা থানার কান্দিকাঠি গ্রামের আকলিমা খাতুন(২৩), লক্ষিপুর জেলার রায়পুর থানার দুলারী বেগম(২৫), ঢাকা নবাবগঞ্জরের কুঠারী গ্রামের শারমিন আক্তার, ঢাকার ওয়ারীর গোলাপবাগ এলাকার মনিরা খাতুন(২৪), পিরোজপুর জেলার  জিয়ানগর থানার চাঁদনিপুর গ্রামের সাবিনা আক্তার(২১),বরিশালের শরনখোলার পলিমঙ্গল গ্রামের জামাল আয়শা খাতুন(২৩) ও মুন্সিগঞ্জ জেলার বাসুদিয়া থানার গ্রামের মিতু ব্যাপারী(২৩)।