বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৮
 
 
সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতীয় দুদলী এলাকায় বিএসএফের নির্যাতনে জগদীশ গোসাম্বী (৪২)। নামে বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। জগদীশ সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বিষ্ণু পদ গোস্বামীর ছেলে। 
কুশখালী বিওপির নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান জানান, ভোরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুদলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা জগদীশকে আটক করে।  এরপর তার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে বাংলাদেশ সীমান্তের কুশখালী এলাকায় ফেলে রেখে যায়। পরে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
জগদীশের বোন লিলি চক্রবর্তী জানান, তার ভাই বেশ কিছুদিন যাবত পেটের ব্যাথা ও নার্ভের সমস্যায় ভুগছিলেন। আজ ভোরে সে ডাক্তার দেখাতে অবৈধপথে ভারত যাচ্ছিল। এসময় বিএসএফরা তাকে ধরে নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর আহসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।