আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩৭
 
 
বগুড়ার আদমদীঘিতে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪ টায় আদমদীঘি রেল স্টেশনে এই ঘটনা ঘটে। নিহতেরা হচ্ছেন, দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর গ্রামের কোচপুকুরিয়া গ্রামের আনছার আলীর স্ত্রী আনিছা বেগম (৫৫) ও মেয়ে মুনজিলা বেগম (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ে মুনজিলা ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার সময় তার মা আনিছা বেগম তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন।
এলাকাবাসী সূত্র জানায়, প্রায় এক বছর আগে মুনজিলার বিয়ে হয় আদমদীঘির করজবাড়ী গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউল হোসেনের সাথে। দাম্পত্য কলহের কারণে শনিবার সকালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ফলে মুনজিলার মা আনিছা বেগম ও পরিবারের অন্যান্য লোকজন মেয়ে মুনজিলাকে আলতাব নগর বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আদমদীঘি রেল স্টেশনে আসে। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেক্স ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছলে মুনজিলা ট্রেনের নিচে ঝাঁপ দেয়। মুনজিলাকে বাঁচাতে গিয়ে মা আনিছা বেগমও  ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে  এসেছে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।