তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশের জনগণ সচেতন হলে সুশাসন নিশ্চিত হবে এবং প্রশাসনের দক্ষতা বাড়বে।’
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসের প্রাক্কালে বাসস’কে দেয়া সাক্ষাতকারে তথ্যমন্ত্রী আজ শনিবার একথা বলেন। আগামীকাল আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিবসটি পালিত হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য অধিকার আইন শাসন-প্রশাসনের সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে কাজ করে। এ আইনের মাধ্যমে জনগণ প্রশাসনের যাবতীয় কর্মকা– জানতে পারে। সুতরাং এ আইন শাসন-প্রশাসনকে জনগণের কাছাকাছি নেয়। দুর্নীতি ও ক্ষমতার অপব্যাবহার কমাতে সাহায্য করে। শাসন-প্রশাসনের কার্যক্রমের দুর্নীতি, ভুলভ্রান্তি এবং ক্ষমতার অপব্যবহার কমাতে সাহায্য করে। প্রশাসনকে দক্ষ, সক্রিয় ও করিত্কর্মা করে।
তিনি বলেন, গণতন্ত্র মানে আইনের শাসন, স্বচ্ছ জবাবদিহিতামুলক ব্যবস্থা, সুশাসন, স্বচ্ছ শাসন এবং স্বশাসন। এই আইনের দু’টি অংশ। এক, জনগণের তথ্য জানার অধিকার। দুই, প্রশাসন তথ্য সরবরাহে অনীহা প্রকাশ বা গাফিলতি করলে তার বিচার ও শাস্তির বিধান। এই আইন স্বচ্ছ, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খবর বাসসের।
