২ দিন পর ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চলাচল ফের শুরু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১৭
 
 
 
 
 
 
 
অবশেষে ইউনাইটেড এয়ারওয়জের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। দুই দিন বন্ধ থাকার পর শনিবার সকাল সোয়া ৭টায় অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট সৈয়দপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরে সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম-কলকাতা, বিকাল সাড়ে ৪টায় ঢাকা-যশোর, সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-সিলেট, রাত সোয়া ৮টায় ঢাকা-জেদ্দায় ফ্লাইট ছেড়ে যায়।
গত সোমবার ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগের পর এই এয়ারলাইন্সে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়। এরপর মঙ্গল ও বুধবার ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটে। একপর্যায়ে বৃহস্পতিবার থেকে এয়ারলাইন্সের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। শুক্রবার বিকালে উত্তরায় এয়াওয়েজের কেন্দ্রীয় কার্যালয়ে এয়ারওয়েজের পরিচালনা পর্ষদের কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় ৬ ঘণ্টা স্থায়ী এ বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় জরুরি সংবাক সম্মেলনে এয়ারওয়েজের শীর্ষ কর্মকর্তারা শনিবার সকাল থেকে ফ্ল‍াইট চালুর ঘোষণা দেন। একই সঙ্গে তাসবিরুল আহমেদ চৌধুরীকে পুনরায় ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়।