রূপালী ব্যাংকের ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৭
 
প্রায় ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপকসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশনের বৈঠকে এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থানায় দুদক মামলাটি (মামলা নং-৮৫) দায়ের করে। এরপর দুদকের উপ-পরিচালক রাম মোহন নাথ মামলার তদন্তের দায়িত্ব পান।
যাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হচ্ছে তারা হলেন, রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক (বর্তমানে চাকরিচ্যুত) কবির আহম্মদ, একই শাখার সাবেক এসপিও আসরাফুজ্জামান, মেসার্স নুরজাহান গার্মেন্টসের মালিক মো. নজরুল ইসলাম, নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার হাজী কালাচান ভূঁইয়া, নূরজাহান বেগম, সৈয়দ মো. রেজ্জাকুল হায়দার ও মো. ইফতেখার আলম ফরিদ। অপর দিকে মামলা তদন্তে রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার সাবেক কর্মকর্তা এ কে এম হুমায়ুুন কবিরের বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তাকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।