এবারের জন্মদিন প্রবাসে কাটাতে হচ্ছে শেখ হাসিনাকে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। নিউ ইয়র্কে ছেলেসহ পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালন করবেন শেখ হাসিনা।
এদিকে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা হবে।আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানার খাদ্য বিতরণ করা হবে। এছাড়া দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে রোববার বাদ জোহর বায়তুল মোকারম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
