হাসিনা-মোদি বৈঠক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ০০:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম বৈঠক। বৈঠকে দুই নেতা কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানায়, ম্যানহাটনের নিউইয়র্ক প্যালেস হোটেলে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলে প্রায় ১৫ মিনিট। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি দীপু মনি ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠকে দুই নেতা সন্ত্রাস মোকাবিলায় এক সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।