মায়ের কবরের পাশে চিরনিদ্রায় আয়েশা ফয়েজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৩৩

শ্রদ্ধা আর ভালবাসায় মা খায়রুন্নেছা শেখ’র কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, প্রয়াত হুমায়ূন আহমেদের মাতা শহীদ জায়া আয়েশা ফয়েজ।
রবিবার সকাল ১০টায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুর শেখ বাড়ির রাইস মিল মাঠে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক, পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান কাঁচা মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে শেখ বাড়ির পারিবারিক কবরস্থানে মা খায়রুন্নেছা শেখে’র কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকালে শেখ বাড়িতে মরহুমার মরদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান, হুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুরে নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক ও শিক্ষার্থী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, মোহনগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা ও মোহনগঞ্জ শাখা, মোহনগঞ্জ উন্নয়নে নাগরিক আন্দোলন, মোহনগঞ্জ সাধারণ পাঠাগার,  চয়নিকা পাঠাগারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

IMG0
মরহুমার মেজো ছেলে ড. জাফর ইকবাল বলেন, আমার বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদকে পিরোজপুরে কবর দেয়া হয়েছে, বড় ভাই হুমায়ুন আহমেদকে নূহাশ পল্লীতে কবর দেয়া হয়েছে। আমার মা মোহনগঞ্জের শেখ বাড়িতে বড় হয়েছেন। আমার নানী খায়রুন্নেছা শেখ মাকে খুব বেশি আদর করতেন। পরিবারের সকলের সিদ্ধান্তেই নানীর কবরের পাশে মাকে দাফন করা হয়েছে। ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, আমার মা ছিলেন মহীরুহের মতো। তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের মানুষের মতো মানুষ করেছেন। তিনি আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম। আমি আমার মায়ের জন্য সকলের দোয়া প্রার্থী।