ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, পাচার প্রতিরোধে রাজধানী থেকে চামড়াবাহী কোনো ট্রাক বাইরে বের হতে দেয়া হবে না। তবে আসতে পারবে ঢাকার বাইরের চামড়াবাহী ট্রাক। এক্ষেত্রে আইন- শৃঙ্খলা বাহিনী কোরবানির পরপরই নগরী থেকে বের হওয়া সবগুলো পয়েন্টে চেকপোস্ট বসাবে। অপর দিকে পবিত্র আযহা ও শারদীয় দুর্গাপুজা উপলক্ষে রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, এ বছর রাজধানীর ২১টি স্থানে পশুর হাট বসানো হচ্ছে। আর ২১৯টি মন্ডপে পূজা উদযাপিত হবে। এসব এলাকায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহলের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।ঈদ এবং পূজা কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়ায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে ঢাকা মহানগর পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।
বেনজীর আহমেদ বলেন, ঈদ ও পূজা উপলক্ষে নগরবাসী যাতে নির্বিঘ্নে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারে সে জন্য রাজধানীর শপিং মলগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব স্থানে সাদা পোশাকেও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দেবে।
বেনজীর আহমেদ পশুর হাটে গরু বেচাকেনার পর হাসিল নিয়ে প্রতিবছরই অযাচিত সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ইজারাদারদের হাসিলের হার ঝুলিয়ে রাখার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, আব্দুল জলিল, শেখ মারুফ হাসান,যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম ও উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
