ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শাহবাগ থানার একটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।
শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাবিবকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আজিমের করা রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর হরতালের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ এবং পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় হাবিব জড়িত ছিলেন বলে তাকে এ মামলায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
হাবিবের আইনজীবী সানাউল্লাহ মিয়া দাবি করেছেন, হাবিবের বিরুদ্ধে আরও ৯৬টি মামলা রয়েছে, যার সবগুলোই মিথ্যা। তিনি সবগুলোতেই জামিনে রয়েছেন।
