শেয়ারবাজারে টানা নয় কার্যদিবস ধরে সূচক বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নয় দিনে সূচক বেড়েছে ৩৬৩ পয়েন্ট। এতে ডিএসইর প্রধান সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। এ সময়ে লেনদেনও হচ্ছে হাজার কোটি টাকার কাছাকাছি। লেনদেন হচ্ছে মূলত বড় মূলধনী কোম্পানিগুলো ঘিরে। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো— মবিল যমুনা, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন এবং বেক্সিমকো।
তথ্যে দেখা গেছে, রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ১০১ কোটি ২৯ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২ কোটি ৩৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭১ কোটি ৩৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত্ খাতের কোম্পানি বরকতউল্লাহ ডায়নামিকস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসইর দেয়া নোটিসের প্রেক্ষিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডের শেয়ারদর সাম্প্র্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার পেছনেও কোনো কারণ নেই। ডিএসইকে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
