মেসি-নেইমারের জাদুতে বার্সার বড় জয়

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৯:২৯



লিওনেল মেসি ও নেইমারের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার ঘরের মাঠ ক্যাম্প নউতে ৬-০ গোলে গ্রানাদাকে হারিয়েছে তারা।

 

IMG0


খেলার ২৬ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে ব্যবধান বাড়ান ইভান রাকিতিচ। লিওনেল মেসির ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুন করেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। বিরতির আগমুহূর্তে ব্যবধান ৩-০ করেন নেইমার। ডি বক্সের বাইরে থেকে মেসির আলতো করে বাড়ানো বল দৌড়ে এসে ধরার চেষ্টা করেছিলেন গোলরক্ষক কিন্তু আয়ত্ত্বে নিতে পারেননি তিনি। ওখান থেকে বল পেয়ে দ্রুততার সঙ্গে ডান পায়ের শটে লক্ষভেদ করেন ব্রাজিল বিশ্বকাপে চার গোল করা নেইমার।

 

IMG1


দ্বিতীয়ার্ধের ১৭তম মিনিটে ম্যাচে নিজের গোলের খাতা খোলেন মেসি। ডি বক্সের মধ্যে ডান দিক থেকে দেয়া দানি আলভেসের ক্রসে হেড করে বল জালে পাঠান আর্জেন্টিনার এই তারকা। এর চার মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। সহায়তার ভূমিকায় টানা চারবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী মেসি। ডি বক্সের বাঁ দিক থেকে দেয়া মেসির পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান নেইমার। নির্ধারিত সময় শেষের ৯ মিনিট আগে ব্যবধান ৬-০ করেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।