আইজি প্রিজন অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১২
 
রাজধানীর বকশীবাজার আইজি প্রিজন (কারা অধিদফতর) সামনে রবিবার ককটেল বিস্ফোরন ঘটনায় দুর্বৃত্তরা। তবে কেউ আহত হয়নি। মোটরসাইকেল যোগে এ হামলা চালানো হয়। তবে আইজি প্রিজন অফিসের সিসি ক্যামেরা নষ্ট থাকায় হামলাকারীদের ছবি ধরা পড়েনি। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। বাড়ানো হয়েছে ঐ এলাকার নিরাপত্তা ব্যবস্থা।
আইজি প্রিজন বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ইত্তেফাককে বলেন, সকাল পৌনে দশটার দিকে  হেলমেট পরিহিত দুই মোটর সাইকেল আরোহী  অফিসের সামনে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে উত্তর পাশের গলি পথ দিয়ে পালিয়ে যায়। একটি ককটেল দেওয়ালে লেগে বিস্ফোরিত হয়। অপরটি বিস্ফোরিত হয়নি। তিনি আরো বলেন, ঘটনার পর সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা যায় হার্ড ডিস্ক নষ্ট। ফলে হামলাকারীদের ছবি ধরা পড়েনি। তবে গতকাল সিসি ক্যামেরার হার্ডডিস্ক নতুন করে স্খাপন করা হয়েছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটাতে পারে এমন প্রশ্নে  জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।