ঢাবির ভর্তিপরীক্ষা দীর্ঘদিনের চিন্তা ও অভিজ্ঞতার ফসল: ভিসি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষা মন্ত্রীর মন্তব্য তার নিজস্ব মতামতের প্রতিফলন। তবে আমাদের গৃহীত ভর্তি পরীক্ষা দীর্ঘদিনের চিন্তা ও অভিজ্ঞতার ফসল। সকল পর্যায়েই এর বিশ্বাসযোগ্যতা রয়েছে। এটিকে প্রশ্নবিদ্ধ করা উচিত হবে না।’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তিতে মাত্র দুইজন যোগ্য শিক্ষার্থী পাওয়ার বিষয়টিকে সমালোচনা করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিকেই ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করায় ভিসি রবিবার এ কথা বলেন। 
ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধার প্রতিফলন হয় না— এটি সত্যি নয়। কেননা, পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ৮০ নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ অনুযায়ী নির্ধারণ করা হয়। আর ১২০ নম্বরের ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৬ হাজার আসনের বিপরীতে ৩ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাই বিশ্ববিদ্যালয় নিজস্ব চাহিদা অনুযায়ী একটি মানদণ্ড নির্ধারণ করে এ পরীক্ষা গ্রহণ করে। এটিকে সার্বিকভাবে গণ্য করা ঠিক নয়।’