সংশোধনী মানা হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না: ড.কামাল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ২২:০৩
 
গণফোরাম সভাপতি,সংবিধান প্রণেতা ড.কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংবিধান ভাঙতে হবে, এ শিক্ষা আমার নেতা বঙ্গবন্ধু দেননি। তিনি আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নীতি-আদর্শ দিয়ে গেছেন। বঙ্গবন্ধু কখনো ভয় পায়নি, আমিও কখনো ভয় পাই না। গুম-খুনকে আমি ভয় পাই না। বিবেকের লাঠি দিয়ে এদেশে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে, জানমালের নিরাপত্তা দিতে হবে, শিক্ষার উন্নত পরিবেশ সৃষ্টি করতে হবে,কার্যকর গণতন্ত্র-বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি  রবিবার সন্ধায় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ পৌর মিলনায়তনে গণফোরাম আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে কোর্ট মেনে নিলেও জনগণ এ নির্বাচনের প্রতিনিধিদের মানতে বাধ্য নয়। এ নির্বাচনে আমি ভোট দেইনি। দেশের ৯০ ভাগ মানুষ বলছে এ নির্বাচন হয়নি।তিনি আরো বলেন,কোনো প্রকার আলাপ-আলোচনা না করেই ষোড়শ সংশোধনী করা হলো।
তিনি বলেন, এ সংশোধনী মানা হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। আগে বিচারক নিয়োগের আইন, বিচারকদের অপসারণের আগে সুষ্ঠু তদন্তের আইন করতে হবে।আমাকে বলা হচ্ছে, আমি বিএনপি হয়ে কথা বলছি। কিন্তু আমি বিএনপির হয়ে নই, সচেতন নাগরিক হিসাবে কথা বলছি। বিএনপির বিরুদ্ধে আমি আন্দোলন করেছি, ইয়াজ উদ্দিনের বিরুদ্ধে আইনি লড়াই করতে গিয়ে দেশদ্রোহী মামলা খেয়েছি। তিনি আরো বলেন, এই স্বাধীন দেশ কোনো ব্যক্তি,দলের বা পরিবারের নয়,ষোলো কোটি জনগণের।
জেলা গণফোরাম সভাপতি এড.তারিক উর রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না,গণফোরামের কার্যকরী পরিষদ সভাপতি এড.সুব্রত চৌধুরী,ভাইস চেয়ারম্যান এড.জগলুল হায়দার আফ্রিদ প্রমুখ বক্তব্য রাখেন।